বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের আমন্ত্রণে ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া তিন দিনের সফরে সোমবার ঢাকায় পৌঁছেছেন। ভারতের বিমান বাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুই সদস্যের একটি প্রতিনিধিদল আছেন।
ভারতীয় বিমান বাহিনী প্রধান বাংলাদেশ বিমান বাহিনী ও সেনাবাহিনী প্রধানগণ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। সফরকালে তিনি বাংলাদেশের প্রধান বিএএফ বিমান ঘাঁটিগুলোও পরিদর্শন করবেন। ভারতীয় বিমান বাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। ভারতীয় প্রতিনিধিদলও ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এটি ভারতীয় সশস্ত্র বাহিনী এবং বিমান বাহিনী প্রধান এসিএম আর কে এস ভদৌরিয়ার জন্য গর্বের বিষয় যে, তিনি ঢাকার মিরপুরে অবস্থিত সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ১ হাজার ৮০০ এয়ার স্টাফ কোর্সের প্রাক্তন শিক্ষার্থী। এই সফরে ভারতীয় বিমান বাহিনী প্রধানকে ডিএসসিএসসির ‘মিরপুর হল অফ ফেইমে’ অন্তর্ভুক্ত করা হবে। ভারতীয় বিমান বাহিনী প্রধানের সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করবে।—প্রেস বিজ্ঞপ্তি