চট্টগ্রামে বিমান থেকে ১০ কোটি টাকার সোনা উদ্ধার

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট তল্লাশি করে ১৭ কেজি ৪৯৬ গ্রাম সোনার বার উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ৯ কোটি ৯৬ লাখ টাকা। কাস্টম গোয়েন্দা মহাপরিচালক ড. মো. আবদুর রউফ জানান, উদ্ধারকৃত সোনার বারের সংখ্যা ১৫০টি।

ফ্লাইটটি গতকাল সোমবার সকাল ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে বিমানে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা, চট্টগ্রাম কাস্টমস হাউজ ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর নাহার লিলি জানান, তল্লাশিকালে ১৮ এফ সিট ও ২৬ এ সিটের গদির নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়। বারগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। কোনো যাত্রীকে আটক করা সম্ভব হয় নি। এই ঘটনায় বিভাগীয় মামলা ও একটি ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে।