ভোটারদের লম্বা লাইনই প্রমাণ করে দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হচ্ছে। তার প্রমাণ ভোট প্রদান করার জন্য ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। গতকাল সোমবার সকালে কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন এলেই বিরোধী দল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়নি বলে অভিযোগ করে থাকে। পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, শ্রীলঙ্কা এমনকি আমেরিকায়ও বিরোধী দল ভোট কারচুপির অভিযোগ করে থাকে।

কেশবপুর পৌরসভা নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কেশবপুর পৌরসভা নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে। নির্বাচনের পরিবেশ ভালো। কোনো ঝুঁকি নেই। ইভিএমে ভোট প্রদানে ভোটারদের কোনো অসুবিধা হবে না। বিকাল ৫টা পর্যন্ত ভোটারদের ভোট প্রদান সম্পন্ন না হলে লাইনে যারা থাকবেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার আবুল কাশেম ফজলুল কাদের, যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিভাগীয় নির্বাচন অফিসার ইউনুচ আলী, যশোর জেলা নির্বাচন অফিসার হুমায়ূন কবির ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি কেশবপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কেশবপুর পৌরসভার ভোটার সংখ্যা ২০ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ১৮৫ জন ও নারী ভোটার রয়েছেন ১০ হাজার ৫৪০ জন। পঞ্চম ধাপের এ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।