বিষ ঢেলে মাছ নিধন !

কালীগঞ্জে গভীর রাতে দেড় বিঘা আয়তনের দুটি পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লক্ষাধিক টাকার মাছ মারা গেছে বলে জানা গেছে। গতকাল সোমবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত দুই সহোদর শুক্কুর আলী ও আমিনুল ইসলাম পালোয়ান। তারা কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের মৃত বদরুজ্জামান পালোয়ানের ছেলে। 

 তারা জানান, গত শনিবার গভীর রাতে তাদের বাড়ির পাশের দুটি পুকুরে কে বা কারা বিষ ঢেলে যায়। সকালে পুকুরে মাছ ভাসতে দেখে প্রথমে মাছের রোগ হয়েছে ভেবে বিষয়টি আমলে নেননি তারা। গতকাল সোমবার একে একে ভেসে উঠে পুকুরে চাষ করা রুই, কাতল, মৃগেল, সিলভার কার্প, তেলাপিয়া, শরপুঁটিসহ সব মাছ। তবে এ ব্যাপারে কাউকে দোষী সাব্যস্ত করে আইনের আশ্রয় নেননি। তবে মাছগুলো সংগ্রহ করে মাটিতে পুঁতে রাখেন তারা। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক বলেন, এ ব্যাপারে তিনি কোনো অভিযোগ পাননি। তবে অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।