৪০ হাজার যুবককে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হবে ------- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দক্ষ গাড়ি চালক তৈরির লক্ষ্যে ৪০ হাজার যুবককে ড্রাইভিং প্রশিক্ষণ দিবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পাশাপাশি সারা দেশের উপজেলা পর্যায়ে যুব প্রশিক্ষণ কেন্দ্র চালু, যুবকদের উত্পাদিত পণ্য সংরক্ষণের জন্য ১০০টি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, জেলায় জেলায় যুব উদ্যোক্তা মেলা, শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডসহ যুবকদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এছাড়া ফুটবল ও ক্রিকেটসহ সব খেলার উন্নয়নে আরো কর্মসূচি হাতে নিয়েছে মন্ত্রণালয়। গতকাল সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এ সব কথা বলেন। ক্র্যাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফের নেতৃত্বে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্র্যাবের সহসভাপতি নিত্য গোপাল তুত, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান উজ জামান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুদ্র রাসেল ও কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম মিন্টু।