যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে তীব্র শীতের মধ্যেই অস্বাভাবিক বিদ্যুত্ বিলে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। গত কয়েক দিনে বিদ্যুত্ তেমন না থাকলেও বিল এসেছে প্রচুর। তবে হিউস্টনের মেয়র এই বিদ্যুত্ বিল রাজ্য সরকারকে পরিশোধ করার দাবি জানিয়েছেন। খবর বিবিসির
টেক্সাসে গত সপ্তাহে হিমশীতল আবহাওয়া ছিল। বিদ্যুত্ও খুব একটা ছিল না। তার পরও কয়েক দিনের ব্যবহারেই অনেক বাসিন্দার বিল এসেছে ১৬ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ ৫৬ হাজার ৮৯০ টাকা)। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্যে গত কয়েক দিনের তুষারঝড়ে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টেক্সাসে তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে এখন এই রাজ্যে অবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনো অনেক ঘরে লাইট জ্বলছে না এবং ফ্রিজও চালু হয়নি। তার পরও বিদ্যুত্ বিলে হতবাক তারা। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং ডালাসের বাসিন্দা স্কট উইলাফবি নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, গত কয়েক দিনেই তার বিদ্যুত্ বিল এসেছে ১৬ হাজার ডলার যা তার মাসিক বেতনের চেয়েও বেশি। ডেনিসন শহরের সুসান হসফোর্ড এপিকে জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই তার বিদ্যুত্ বিল এসেছে ১ হাজার ৩৪৬ ডলার। তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এই অর্থ কেটে নিয়েছে। কিন্তু পুরো অর্থ না থাকায় ব্যাংক উলটো চার্জ আরোপ করেছে। তাদের মতো অনেকেই সোশ্যাল মিডিয়ায় অস্বাভাবিক বিলের তথ্য দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে যে অল্প কয়েকটি রাজ্যে স্বাধীন বিদ্যুত্ গ্রিড আছে টেক্সাস তাদের অন্যতম। তাই যখন রাজ্যটির ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায় এবং চাহিদার তুলনায় বিদ্যুত্ সরবরাহ কমে যায় তখন তারা প্রতিবেশী রাজ্যগুলো থেকে কোনো সহায়তা নিতে পারেনি। এর ফলে টেক্সাসের পাবলিক ইউটিলিটি কমিশন গত সোমবার অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এ পরিস্থিতিতে রাজ্যকেই এসব বাড়তি বিল বহন করা উচিত বলে মন্তব্য করেছেন টেক্সাসের সবচেয়ে বড় শহর হিউস্টনের মেয়র সিলভেস্টার টার্নার।