নতুন সরকারের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে গেছেন পররাষ্ট্রমন্ত্রী

 

যুক্তরাষ্ট্রে ক্ষমতায় পালাবদলের পর প্রথম দেশটিতে সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিন দিনের সফরে গতকাল সোমবার রাতে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন তিনি।

এ ব্যাপারে গতকাল দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমেরিকা যাচ্ছি, এখানে আমাদের কয়েকটি মিটিংয়ের আয়োজন হয়েছে। বিশেষ করে নতুন মার্কিন সরকারের সঙ্গে সম্পর্ক ?উন্নয়ন চাই। সেদেশের পররাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েক জনের সঙ্গে আলোচনা করব। সম্পর্কের সার্বিক বিষয়ে কথা হবে। যুক্তরাষ্ট্র সরকার নতুন একটা ফরেন পলিসি দিয়েছে। স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশ এখানে ভূরাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। সেসব আমরা তাদের তুলে ধরব। তারাও আমাদের সেভাবে দেখে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও সিনেটের ফরেন রিলেশন্স কমিটির প্রধানের সঙ্গে বৈঠক হবে। আমরা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সম্পর্কের উন্নয়ন করতে চাই। আমাদের অনেক সম্ভাবনা আছে, আর আমেরিকাও অনেক বড় দেশ। তাদের সঙ্গে যদি আমাদের সম্পর্ক আরো উন্নত করতে পারি, দিজ ইজ এ উইন। বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমে ব্রিফিংয়ের পরিকল্পনাও রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।