ভাই-ভাইয়ের ঝগড়ায় প্রাণ গেল মুজাক্কিরের :রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ওবায়দুল কাদেরের উদ্দেশে বলেছেন, আপনারা এখন প্রতিপক্ষ না পেয়ে নিজেরা নিজেরাই মারামারি করছেন, আপনার ছোট ভাই সত্য কথাগুলো বলে দিচ্ছেন। তিনি বলছেন কোনো নির্বাচন নিরপেক্ষ হয়নি। দিনের ভোট রাতে হয়েছে। আমরা যে কথাগুলো প্রতিদিন বলছি জনগণ যা নিজের চোখে দেখেছে সেই কথা এখন আওয়ামী লীগের নেতারা নিজেরাই বলছেন। তাদের এই ভাই-ভাইয়ের ঝগড়াঝাঁটির মধ্যে নিরীহ সাংবাদিক মুজাককিরকে জীবন দিতে হলো। নিরীহ সাংবাদিক নিহত হলো এখন কোথায় মুখ লুকাবেন?

গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় অফিসের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া এখনো বন্দি, তারপরও নড়াইলের একটি আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রতিহিংসার আগুনের শিখা এতই লেলিহান।