রাশিয়া ও মিয়ানমারের উপর নিষেধাজ্ঞার পথে ইইউ

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়া ও মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন। বিরোধী রুশ নেতা নাভালনির উপর দমন নীতি এবং মিয়ানমারে সামরিক অভ্যুত্থান নিয়ে তারা আলোচনা করছেন। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে রাষ্ট্রজোট হিসেবে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐকমত্য অর্জন করা সব সময়ে সহজ হয় না। কিন্তু রাশিয়া ও মিয়ানমারের বর্তমান পরিস্থিতির আলোকে এই দুই দেশের উপর শাস্তিমূলক নিষেধাজ্ঞা চাপানোর প্রশ্নে তেমন মতভেদ দেখা যাবে না বলে আশা করা হচ্ছে। গতকাল সোমবার ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেই নিষেধাজ্ঞার স্পষ্ট রূপরেখা তুলে ধরা হবে। মার্চে ইইউ শীর্ষ সম্মেলনে সেই ঘোষণা করা হতে পারে। ওয়াশিংটনে পালাবদলের পর বাইডেন প্রশাসনের সঙ্গে আরো সমন্বয়ের মাধ্যমে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যৌথ উদ্যোগও দেখা যাচ্ছে। সোমবারই ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করছেন। -ডয়চেভেলে