২০৪০ সালের আগেই হসপিটালিটি সেক্টরকে তামাকমুক্ত করার ঘোষণা

ঢাকা আহসানিয়া মিশন ও ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস্-এর সহযোগিতায় তামাকমুক্ত হসপিটালিটি সেক্টর কৌশলপত্র বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও পর্যটন) মো. ইমরান।

তিনি বলেন, ‘হোটেল, মোটেল ও রির্সোটগুলোতে তামাকমুক্ত হসপিটালিটি সেক্টর কৌশলপত্র বাস্তবায়ন করতে মন্ত্রণালয় থেকে নোটিশ প্রদান ও পর্যাপ্ত ধূমপানমুক্ত সাইনেজের ব্যবস্থা করা হবে এবং ২০৪০ সালের আগেই হসপিটালিটি সেক্টরকে তামাকমুক্ত করতে মন্ত্রণালয় কাজ করবে।’

বিশ্বে সমন্বিতভাবে তামাক নিয়ন্ত্রণ ও তামাকের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে ২০০৩ সালে  চুক্তি অনুমোদিত হয়। বাংলাদেশ এই চুক্তির প্রথম স্বাক্ষরকারী দেশ এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ২০০৫ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন প্রণয়ন করে ও পরে ২০১৩ সালে আইনটি সংশোধন করা হয়। বিদ্যমান আইনে সকল পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। 

বিশ্বের বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, অন্যান্য পাবলিক প্লেসের তুলনায় হসপিটালিটি সেক্টরে (যেমন- হোটেল, মোটেল, গেস্টহাউজ, রিসোর্ট, রেস্টুরেন্ট, বার ইত্যাদি) প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপানের হার বেশি। বিশ্বস্বাস্থ্য সংস্থা কর্তৃক পরিচালিত ২০১৭ অনুসারে শুধুমাত্র রস্টুরেন্টে প্রায় ৫০ শতাংশ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। হসপিটালিটি সেক্টরের আওয়াতাধীন সেবা প্রতিষ্ঠানে তামাক ব্যবহার না করেও যারা স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির শিকার হচ্ছেন তাদের সুরক্ষার নিমিত্তে হসপিটালিটি সেক্টরে তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে কৌশলপত্রের ওপর ওরিয়েন্টেশন প্রয়োজন।

আরো পড়ুন: পীরগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে

সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতাগণ, মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন তামাক বিরোধী সংগঠনের প্রতিনিধিগণ।

সভায় তামাকমুক্ত হসপিটালিটি সেক্টর বাস্তবায়ন কৌশলপত্র উপস্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান। 
 
সবশেষে এই সভায় কৌশলপত্রের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে ২০৪০ সালের আগেই তামাকমুক্ত হসপিটালিটি সেক্টর করার আশাবাদ ব্যক্ত করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

ইত্তেফাক/বিএএফ