রেদ্বওয়ান মাহমুদ
উদ্যমী কয়েকজন তরুণের হাত ধরে পথচলা শুরু। লক্ষ্য রক্তদান, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং যে কোনো দুর্যোগময় মুহূর্তে নিরলস কাজ করা। সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে ইতোমধ্যেই প্রায় তিন হাজার সদস্যের সমন্বয়ে পরিবার গড়ে তুলেছে মানবসেবা ফাউন্ডেশন। গত ২৩ জুন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা সংগঠনটির প্রথম কার্যক্রম ছিল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। প্রথমদিনই সিলেটের জকিগঞ্জে নানা বয়সী ও নানা পেশার মানুষের কাছ থেকে শতাধিক ব্যাগ রক্ত সংগ্রহ করতে সক্ষম হয় তারা। সম্প্রতি বৃক্ষরোপণ, দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন প্রজেক্ট পরিচালনা করছে ফাউন্ডেশনটি।
মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোক্তারা জানান, বর্তমান করোনা পরিস্থিতি মাথায় নিয়ে দেশের যে কোনো প্রান্তে রক্তের অভাবে যেন কেউ বিপাকে না পড়ে, সে লক্ষ্যেই তারা উদ্যোগী হয়েছেন।
যখনই হাসপাতালের করিডোর থেকে রক্তের আহ্বান আসছে ছুটে যাচ্ছেন তারা। মূলত মানুষ হিসেবে আরেক মানুষের পাশে দাঁড়ানো এবং সেবার মানসিকতা তৈরিই তাদের মূল লক্ষ্য।
সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের শিক্ষাখাতকে এগিয়ে নিতে বদ্ধপরিকর এসব তরুণরা যে কোনো দুর্যোগময় মুহূর্তে সংঘবদ্ধভাবে ইতিবাচক কাজ করাকে সংগঠনের অন্যতম উদ্দেশ্য হিসেবে বেছে নিয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তারা এমন বাংলাদেশের স্বপ্ন দেখেন—যেখানে রক্তের অভাবে কেউ মারা যাবে না। স্বেচ্ছায় রক্তদানে সাধারণ মানুষকে উত্সাহিত করার দুরন্ত অগ্রযাত্রা এগিয়ে নিতে সবাইকে যার যার অবস্থান থেকে সচেষ্ট হওয়ার অনুরোধ তাদের।