আহাদ আলী মোল্লা
অতিথি পাখিরা উড়ে উড়ে এলো
কত শত পথ মাড়িয়ে,
পাহাড় সাগর মরুভূমি বন
বরফের দেশ ছাড়িয়ে।
বাংলাদেশের সাথে তারা কী যে
মিতালি খাতির পাতিয়ে,
হাওড় বাঁওড় খাল বিল জোল
খুশিতে রেখেছে মাতিয়ে।
ওরা আমাদের স্বজন কুটুম
মেহমান হয়ে এসেছে,
কারণ জানো না, মনে মনে খুব
বাংলাকে ভালোবেসেছে।
গরমে বিদায় নিয়ে চলে যাবে
শীতকালে শুধু রয়েছে,
ভিনদেশি নানা রকমের পাখি
অতিথি ক’দিন হয়েছে।
মেরো না ওদের ধোরো না ওদের
নিরিবিলি দেশে থাক,
পরিযায়ী এই পাখিদের নিয়ে
দেশ আরো শোভা পাক।