মুস্তাফিজের কাছে দেশের খেলাই আগে

স্পোর্টস রিপোর্টার

সাকিব আল হাসানের মতোই দেশের টেস্ট বাদ দিয়ে আইপিএলে খেলার সুযোগটা নিতে পারতেন মুস্তাফিজুর রহমান। তবে অগ্রজর পথে হাঁটেননি বাঁহাতি এ পেসার। তার কাছে দেশের হয়ে খেলাই অগ্রাধিকার পাচ্ছে। গতকাল মিরপুর স্টেডিয়ামে মুস্তাফিজ বলেন, এপ্রিলে শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ টেস্ট দলে থাকলে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলবেন না তিনি। টেস্ট দলে সুযোগ না পেলে এবং বিসিবি ছাড়পত্র দিলে আইপিএল খেলতে যাবেন এ তরুণ।

আইপিএলে খেলার প্রসঙ্গে জানতে চাইলে গতকাল নিউজিল্যান্ড যাওয়ার আগে মুস্তাফিজ জানান, ‘বিসিবি আমার ওপরেই ছেড়ে দিয়েছে। আমার কথা হলো, ঐ সময় তো শ্রীলঙ্কা সিরিজ। যদি আমাকে টেস্টে রাখে তাহলে আমি টেস্ট খেলব, যদি না রাখে তাহলে বিসিবি যেটা বলবে আমি সেটাই করব।’ মুস্তাফিজের কাছে আগে দেশের খেলা, পরে টেস্ট। ২৫ বছর বয়সি এ পেসার গতকাল বলেন, ‘সবার আগে আমার দেশের খেলা। যদি দলে নির্বাচিত না হই, যদি বিসিবি ছাড়ে তাহলে খেলব (আইপিএল)।’

গত সোমবার আইপিএলে খেলার বিষয়ে মতামত নিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করেছিলেন মুস্তাফিজ। স্পষ্ট বার্তা দিয়েছিলেন বোর্ড সভাপতি। সিদ্ধান্ত তাকেই নিতে হবে, ছুটি চাইলে আনুষ্ঠানিকভাবে চিঠি দিতে হবে। আইপিএল খেলা থেকে তাকে আটকাবে না বিসিবি। এপ্রিলে শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। একই সময়ে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৪তম আসর। দেশের খেলা বাদ দিয়ে কে কে আরের হয়ে আইপিএল খেলবেন সাকিব। ১ কোটি রুপিতে মুস্তাফিজকে কেনা রাজস্থান অবশ্য এ পেসারকে পাবে কি না, তা অনিশ্চিত হয়েই রইল।  সাদা পোশাকের ক্রিকেটে মুস্তাফিজ খুব নিয়মিত নন। প্রায় দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চট্টগ্রামে খেলেছিলেন তিনি। দুই উইকেট পেয়েছিলেন। ঢাকা টেস্টে অবশ্য একাদশে জায়গা হয়নি তার। ১৪ টেস্টের ক্যারিয়ারে ৩০ উইকেট নিয়েছেন বাংলাদেশের এ বাঁহাতি পেসার। তবে দেশের খেলাকে অগ্রাধিকার দিয়ে প্রশংসিত হয়েছেন কাটার মাস্টার।