বুদাপেস্টে মুখোমুখি গ্ল্যাডবাখ-সিটি
স্পোর্টস ডেস্ক
গ্রুপ পর্ব পেরোতে কম কাঠখড় পোড়াতে হয়নি রিয়াল মাদ্রিদের। তবে শেষ দিনের থ্রিলারে জিনেদিন জিদানের দল শেষ ষোলোতে পা রেখেছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই। এবার নকআউট পর্বের শুরুতেও আরেক অগ্নিপরীক্ষার সামনে পড়তে হচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজ ইতালিয়ান দল আটালান্টার মুখোমুখি হবে ইনজুরি-জর্জরিত রিয়াল মাদ্রিদ। দিনের অন্য ম্যাচে বুদাপেস্টে বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখের মুখোমুখি হবে পেপ গার্দিওলার ম্যানস্টোর সিটি।
গত মৌসুমে আটালান্টার গতি ও আক্রমণ নির্ভর ফুটবল তাক লাগিয়ে দিয়েছিল পুরো ইউরোপকেই। জান পিয়েরো গ্যাসপারিনির অধীনে ক্লাব ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ আসরেই কোয়ার্টার ফাইনালে উঠেছিল আটালান্টা। এ মৌসুমেও একইরকম উদ্দীপনা নিয়ে শেষ ষোলোয় পা রেখেছে গ্যাসপারিনির দল। এবং গত মৌসুমের মতো এবারও শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ একটি স্প্যানিশ দল। যদিও গত আসরের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার চেয়ে রিয়াল যেকোনো সময়, যেকোনো মাঠেই বেশি শক্তিশালী; কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সবচেয়ে সফল দলটিকে যদি কখনো হারানোর সুযোগ পেয়ে থাকে আটালান্টা, সেটি আজই। একে তো গত দুই মৌসুমেই শেষ ষোলো থেকে বাদ পড়ার রেকর্ড চোখ রাঙানি দিচ্ছে জিদানকে, ওদিকে শেষ ষোলোর বাধা পেরোনোর জন্য দলে পর্যাপ্ত রশদও পাচ্ছেন না এই ফরাসি ম্যানেজার। সার্জিও রামোস, এডের মিলিতাও, মার্সেলো, ড্যানি কারবাহাল, ফ্রেডি ভালভার্দে, ইডেন হাজার্ড, করিম বেনজেমা- এই বিশাল বহর এখন দলের বাইরে আছে বিভিন্ন ইনজুরিতে। মজার ব্যাপার হচ্ছে, মূল দলের সিংহভাগ তারকাই যখন ইনজুরড, তখন তাদের স্থলাভিষিক্ত হওয়া বিকল্পরা কিন্তু খারাপ খেলছে না। ইনজুরির জন্য ছিটকে যাওয়া এই বহরকে ছাড়াই লিগে গত চার ম্যাচে জয় তুলেছে রিয়াল। আটালান্টার মাঠে গিয়েও আজ সেই জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কি না মাদ্রিদের দলটি, সেটাই এখন দেখার বিষয়।
এদিকে রিয়ালের গ্রুপ থেকে শেষ ষোলোতে পা রাখা অন্য দল, বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখ আজ আতিথ্য দিবে ম্যান সিটিকে। আতিথ্যটা ঘরের মাঠে দেওয়ার কথা থাকলেও করোনাকালীন ভ্রমণ নিষেধাজ্ঞার জন্য অন্যান্য জার্মান দলগুলোর মতোই নিরপেক্ষ ভেন্যুর দ্বারস্থ হয়েছে গ্ল্যাডবাখ। বুদাপেস্টের পুসকাস এরিনায় শেষ ষোলোর প্রথম লেগে আজ স্বাভাবিকভাবেই ফেভারিট পেপ গার্দিওলার সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচ জেতা এবং এ মাসেই লিভারপুল, আর্সেনাল, টটেনহামের মতো দলগুলোকে হারানো সিটিজেনদের বিপক্ষে ইতিবাচক কোনো ফল বের করতে হলে আজ ‘ভিনগ্রহী’ কোনো কিছুই করতে হবে বুন্দেসলিগা টেবিলে আটে থাকা মার্কো রোজের দলকে।