আজ শুরু ঐতিহাসিক চরমোনাই মাহফিল

বরিশাল অফিস

আজ বুধবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহাসিক চরমোনাই মাহফিল। মাহফিল কমিটি সূত্র জানায়, মাহফিলের প্রস্তুতি অনেকাংশেই সম্পন্ন হয়েছে। বাদ জোহর আমিরুল মুজাহিদীন চরমোনাই পির সাহেব মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম উদ্বোধনী বয়ানের মাহফিলের শুরু হবে।

আগামী শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে তিন দিনের মাহফিল সমাপ্তি হবে। মাহফিলে মোট সাতটি বয়ানের মধ্যে পির সাহেব পাঁচটি এবং নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম দুটি বয়ান করবেন। মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম পার্শ্ববর্তী দেশ ভারতের দেওবন্দ ও নদওয়াতুল ওলামা এবং তুরস্ক থেকে শীর্ষস্থানীয় আলেমগণ উপস্থিত হওয়ার কথা রয়েছে।

মাহফিলে পাঁচটি মাঠে প্রায় পৌনে ১ কোটি মুসল্লির শৃঙ্খলার জন্য অর্ধলক্ষাধিক স্বেচ্ছাসেবক টিম এবং নিজস্ব নিরাপত্তাকর্মী রয়েছে। এছাড়াও ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিত্সকবৃন্দ চিকিত্সা দিবেন।