বিশেষ প্রতিনিধি
বাংলাদেশে সফররত ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া গতকাল মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসস্থ ‘শিখা অনির্বাণ’ পরিদর্শন করেন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের আমন্ত্রণে ভারতীয় বিমান বাহিনী প্রধান বাংলাদেশ সফর করছেন। গতকাল মঙ্গলবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশে অবস্থানকালে ভারতীয় বিমান বাহিনী প্রধান সেনা সদর, বিমান সদর, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম, লিবারেশন ওয়ার মিউজিয়াম, সেন্ট মার্টিন দ্বীপ, বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানসহ বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। উল্লেখ্য, ভারতীয় বিমান বাহিনী প্রধান দুই সদস্যের প্রতিনিধিসহ সোমবার পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশে আগমন করেন। ভারতীয় বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে উভয় দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে এবং দুই রাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করা যায়।