আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিতে বিএনপির আন্দোলন ভাবনায় সংকটের কালো ছায়া ফেলেছে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই মানুষের স্বস্তি নষ্ট করার পাঁয়তারা করছে বিএনপি। গতকাল মঙ্গলবার পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার মতো ভ্যাক্সিন নিয়েও বিএনপির অপরাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, মেরিনা জাহান কবিতা, আব্দুুল আউয়াল শামীম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স প্রমুখ।
এর আগে সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। সওজের প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুরের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের অন্য কর্মকর্তাবৃন্দ।