কোভিড-১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রীর সাফল্যের প্রশংসায় এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কর্তৃপক্ষ কোভিড-১৯ মহামারি মোকাবিলা এবং দেশব্যাপী টিকাদান কার্যক্রম সফলভাবে পরিচালনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছে। এডিবির এ দেশীয় পরিচালক মনমোহন প্রকাশ গতকাল মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাত্কালে আরো বলেন, তারা বাংলাদেশকে কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয়ে সহায়তা বাবদ ৯৪০ মিলিয়ন ডলার প্রদান করবে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম ইমরুল কায়েস বৈঠকের পর এ কথা জানান।

ইমরুল বলেন, অর্থনীতির সব খাত পর্যায়ক্রমে খুলে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্তের প্রশংসা করে এডিবি প্রতিনিধি বলেন এজন্যই বাংলাদেশের অর্থনীতি এবং জিডিপির প্রবৃদ্ধি ও রেমিট্যান্স পুনরুদ্ধার সম্ভব হয়েছে। এডিবির পরিচালক জনগণকে টিকাদানের বিষয়ে সরকারের পদক্ষেপের প্রশংসা করে বলেন, বাংলাদেশ এশিয়ার তিনটি দেশের মধ্যে একটি, যেটি কোভিড-১৯ টিকাদান অভিযান সফলভাবে পরিচালনা করছে।