কক্সবাজারের টেকনাফ ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে র্যাব ও রোহিঙ্গা ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধে শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকিরসহ তিন জন মারা গেছেন। এই ঘটনায় একজন র্যাব সদস্য আহত হন। ঘটনাস্থল হতে ৯টি অস্ত্রসহ বুলেট উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের অধিনায়ক এএসপি বিমান চন্দ্র কর্মকার জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১৫ কক্সবাজার এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে স্বশস্ত্র ডাকাত দল এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে র্যাবের এক সদস্য আহত হন। র্যাবও সরকারি সম্পদ এবং আত্মরক্ষার্থে পালটা গুলিবর্ষণ করে। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল তল্লাশি করে ৯টি আগ্নেয়াস্ত্র এবং ২৫ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ তিন জনকে দ্রুত উদ্ধার করে চিকিত্সার জন্য উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহতরা প্রাথমিকভাবে জকির গ্রুপের লিডার জকির, সহযোগী হামিদ ও জহির বলে সনাক্ত করা গেছে।