বগুড়ার আদমদীঘি উপজেলার একটি অবহেলিত গ্রাম মঙ্গলপুর। এ গ্রামে লাগেনি উন্নয়নের ছোঁয়া। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ নানা ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে। নসরতপুর ও ছাতিয়ান সীমান্তবর্তী গ্রাম। ইউনিয়ন থেকে দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। সাঁওইল বাজার পর্যন্ত কাঁচা রাস্তায় চলাচল করতে হয়। এ গ্রামে কোনো স্কুল নেই। ছেলেমেয়েদের পড়ালেখার জন্য অভিভাবকদের দূরবর্তী কোমারপুর ও সাঁওইলের ওপর ভরসা করতে হয়। দূরত্বের কারণে অনেক ছেলেমেয়ে প্রাথমিক পর্যায়েই ঝরে পড়ে। গ্রামের প্রতিটি লোক সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। সাঁওইল কমিউনিটি ক্লিনিকে চাহিদামতো ওষুধ পাওয়া যায় না। শিশু ও মাতৃত্বকালীন চিকিত্সার জন্য উপজেলা সদর হাসপাতালে যেতে হয়। গ্রামের অধিকাংশ মানুষ কৃষিজীবী। নারীরা কুটিরশিল্পের সঙ্গে জড়িত। এখানকার কৃষিপণ্যের রয়েছে খ্যাতি। অথচ অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে কৃষকরা কৃষিপণ্যের চাহিদামাফিক মুনাফা করতে পারেন না। গ্রামটি পল্লীবিদ্যুতের আওতাধীন হলেও অনেকের বাড়িতেই বিদ্যুত্ নেই। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আর্কষণ করছি।
সাকলাইন লেনিন
আদমদীঘি, বগুড়া