গুরুতর সড়ক দুর্ঘটনা শেষে হাসপাতালে গলফ কিংবদন্তি
স্পোর্টস ডেস্ক
ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন গলফ কিংবদন্তি টাইগার উডস। গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের পাহাড়ি এক রাস্তা থেকে তার এসইউভি নিয়ে খাদে পড়ে যান উডস। সেই খাদ থেকে তাকে কোনোমতে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলস পুলিশ। দুর্ঘটনায় উডসের ডান পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাত্ক্ষণিক অস্ত্রোপচার শেষে ডাক্তাররা জানিয়েছে, উডস সজাগ আছেন এবং ‘সাড়া দিচ্ছেন’। খবর বিবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।
গত ডিসেম্বরে পিঠে অস্ত্রোপচার করায় আপাতত গলফের বাইরেই ছিলেন ১৫টি মেজর জয়ী টাইগার উডস। সেই অস্ত্রোপচার থেকে পুরোপরি সুস্থ হওয়ার আগেই এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন হলেন এই কিংবদন্তি গলফার। মঙ্গলবার সকালে গলফ ডাইজেস্ট ও গলফ টিভির একটি অনুষ্ঠানের শ্যুটিংয়ে অংশ নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন উডস। পথে একটি পাহাড়ি রাস্তার বিভাজকে প্রথমে ধাক্কা খায় তার গাড়ি। এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে কয়েক পাক ঘুরে খাদে পড়ে যায়। লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফের ডেপুটি কার্লোস গঞ্জালেস সাংবাদিকদের জানিয়েছেন, উডস গাড়িতে একাই ছিলেন। তাকে খাদ থেকে উদ্ধার করেছে অগ্নিনির্বাপক দল ও প্যারামেডিকরা। তিনি সিটবেল্ট পরে ছিলেন। উদ্ধারের সময় কথা বলতে সক্ষম হলেও তিনি দাঁড়াতে পারছিলেন না। ঘটনার গভীরতা বর্ণনা করতে য়ে গঞ্জালেজ বলেন, ‘জনাব উডস সৌভাগ্যবান, যে তিনি এখান থেকে জীবিত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন।’
উদ্ধার শেষে তাকে ক্যালিফোর্নিয়ার হার্বর-ইউসিএলএ মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। এই হাসপাতালের প্রধান মেডিক্যাল অফিসার ডা. আনিস মহাজন এক বিবৃতিতে জানিয়েছেন, উডসের ডান পায়ের নিচের অংশ প্রায় পুরোপুরি ভেঙে গেছে। রড বসিয়ে ডান পায়ের নিম্নাংশ ও স্ক্রু-পিন বসিয়ে পায়ের পাতা ও গোড়ালিকে স্থীতিশীল করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অস্ত্রোপচার শেষে সজাগ ছিলেন উডস। তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতে জানানো হয়েছে, এখন হাসপাতালে থেকেই চিকিত্সা নেবেন তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসসহ অগণিত তারকা ও ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উডসের সুস্বাস্থ্য কামনা করেছেন।