ফুটপাতে গাড়ি পথচারী বিপাকে

পরিবেশবাদীদের পদযাত্রায় প্রতিকার দাবি

ইত্তেফাক রিপোর্ট

যানজট, স্বাস্থ্য, পরিবেশ, জ্বালানি, অবকাঠামো, সবকিছু বিবেচনায় সবচেয়ে সুবিধাজনক যাতায়াত মাধ্যম ‘পায়ে হাঁটা’। অথচ ফুটপাতে হাঁটার পরিবেশ উন্নত করার বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে। হাঁটার জন্য অবকাঠামো অর্থাত্ ফুটপাত, সমতলে রাস্তা পারাপারে ক্রসিংয়ের ব্যবস্থা এবং গলি রাস্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেই। বিদ্যমান ফুটপাতগুলোও নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার প্রতি নজর দেওয়া হয় না। এ জন্য হাঁটতে গিয়ে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ভোগান্তি সবচেয়ে বেশি। মঙ্গলবার ‘নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার জন্য নিরাপদ ও স্বচ্ছন্দে হাঁটার উপযোগী পরিবেশ সৃষ্টির আহ্বানে’ আয়োজিত পদযাত্রায় বক্তারা এ সব কথা বলেন। রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে কলাবাগান বাসস্ট্যান্ড পর্যন্ত এক কিলোমিটার পথে পদযাত্রা থেকে পর্যবেক্ষণে দেখা যায় যে, সেখানে এক-তৃতীয়াংশ পথই হাঁটার অনুপোযোগী। বক্তারা হাঁটার উপযোগী পরিবেশ তৈরিতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। ‘পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’ যৌথভাবে এই পদযাত্রায় আয়োজন করে।

পদযাত্রায় সাইন্সল্যাব মোড় থেকে কলাবাগান বাসস্ট্যান্ড পর্যন্ত এক কিলোমিটার ফুটপাত পরিদর্শনে দেখা যায় যে, ফুটপাতগুলো যথাযথভাবে তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হয়নি। যদিও এখানে র্যাম্প (ঢালুপথ) করা হয়েছে কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে নিরবচ্ছিন্নভাবে ফুটপাত ধরে যাতায়াত করা সেই পথে সম্ভব নয়। প্রতিবন্ধী ব্যক্তিসহ সব পথচারীর জন্য সমতলে রাস্তা পারাপারের কোনো সুব্যবস্থা নেই। ফুটপাতে এবং সড়কের পাশে বিভিন্ন ভবন নির্মাণসামগ্রী, বিভিন্ন স্থান অসমান এবং ভাঙাচোড়া থাকার ফলে পথচারীদের বিড়ম্বনার সৃষ্টি হয় ও দুর্ঘটনায় আহত হওয়ার সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, ফুটপাতে অবৈধভাবে ব্যক্তিগত গাড়ি, মোটর সাইকেল পার্কিং করে রাখা হয়। ফুটপাত পথচারীদের জন্য তৈরি কিন্তু সেখানে তাদের অধিকার ক্রমাগত খর্ব হচ্ছে।

পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান বলেন, রাজধানীর ফুটপাতগুলো শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ব্যক্তিসহ সব পথচারীর জন্য ঝুঁকিপূর্ণ। ফুটপাতে বিভিন্ন নির্মাণসামগ্রী, অবৈধ পার্কিং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের বড় অন্তরায়। যে সব এলাকায় ফুটপাত আছে তাও নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সব পথচারীর জন্য ব্যবহার উপযোগী নয়। সকল এলাকায় ফুটপাত থেকে সব প্রতিবন্ধকতা দূর করে প্রশস্ত ফুটপাত পথচারীদের জন্য নিশ্চিত করা প্রয়োজন।