সোনারগাঁওয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলাশুরু ১ মার্চ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আগামী ১ মার্চ থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা শুরু হচ্ছে। আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। গতকাল বুধবার উত্সব উপলক্ষ্যে মতবিনিময় সভায় ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ এ তথ্য জানান। ফাউন্ডেশনের লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, থানার ওসি রফিকুল ইসলাম প্রমুখ। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক রবিউল ইসলাম, সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি অসিত কুমার দাস, সাধারণ সম্পাদক আল আমিন তুষার প্রমুখ। মাসব্যাপী উত্সবে প্রতিদিন লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের ছেলেমেয়েদের পরিবেশনায় বিলুপ্ত প্রায় গ্রামীণখেলা, পুতুল নাচ, কর্মরত কারুশিল্পীর কারুপণ্যের প্রদর্শনীসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।