নারায়ণগঞ্জের পিপি ওয়াজেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের পৃথক মামলা

ইত্তেফাক রিপোর্ট

নারায়ণগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম ওয়াজেদ আলী খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুই মামলা দায়ের করেছে। গতকাল বুধবার দুদকের সহকারী পরিচালক রেজাউল করিম বাদী হয়ে মামলা দুইটি দায়ের করেন।

প্রথম মামলার অভিযোগে বলা হয়, এস এম ওয়াজেদ আলী খোকন দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তার নিজ নামে ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে ৮৫ লাখ ৩২ হাজার ৩৭৫ টাকার সম্পদের তথ্য প্রদর্শন না করে গোপনপূর্বক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেন এবং তা স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে গোপনকৃত সম্পদসহ মোট ৯৯ লাখ ৪৯ হাজার ৩৫৫ টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন করে দখলে রেখেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ। অপর মামলায় বলা হয়েছে, এস এম ওয়াজেদ আলী খোকনের স্ত্রী মিসেস সেলিনা ওয়াজেদ মিনু দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তার নিজ নামে ২৭ লাখ ৩৯ হাজার ১৬১ টাকার সম্পদের তথ্য প্রদর্শন না করে গোপনপূর্বক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করত: স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে উক্ত গোপনকৃত সম্পদসহ মোট ১ কোটি ১ লাখ ৫৬ হাজার ১৭৪ টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন।