করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। সবশেষ গত বছরের ৬ মে এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; সেদিন তিন জনের মৃত্যু খবর এসেছিল। এক দিনে পাঁচ মৃতের মধ্যে চার জন পুরুষ এবং এক জন নারী। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে চার জনের বয়স ছিল ৬০ বছরের বেশি এবং এক জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে চার জন ঢাকা বিভাগের এবং এক জন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। গতকাল বুধবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া পাঁচ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৮ হাজার ৩৭৯ জনের মৃত্যু হলো।
আর গত ২৪ ঘণ্টায় আরো ৪২৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৪ হাজার ৫৪৪ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৯১১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৩ হাজার ৭৯৮ জন হয়েছে।