সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী এবং পরিবহন মালিক-শ্রমিকদের ফলপ্রসূ সভায় আন্দোলন প্রত্যাহার করেছে উভয় পক্ষ। শিক্ষার্থীরা তাদের মহাসড়ক অবরোধ কর্মসূচি এবং পরিবহন মালিক-শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এর ফলে চলমান অচলাবস্থার নিষ্পত্তি হলো এবং সব পক্ষকে এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সভাকক্ষে আন্দোলনরত শিক্ষার্থী এবং পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন, মেট্রো পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং নগরীর রূপাতলী হাউজিং সোসাইটি নেতৃবৃন্দের রুদ্ধদ্বার সভা শুরু হয়।
সভায় মেট্রো পুলিশের উপকমিশনার মো. মোকতার হোসেন শিক্ষার্থীদের দাবি অনুযায়ী তাদের ওপর হামলাকারীদের দলমত নির্বিশেষে চিহ্নিত করে গ্রেফতার এবং তাদের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেন। অপরদিকে মালিক শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন গ্রেফতারকৃত দুই শ্রমিকের মুক্তি এবং রুটে তাদের বাস চলাচল নির্বিঘ্ন করার প্রতিশ্রুতি দেন। এর পরিপ্রেক্ষিতে সভা শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের প্রতিনিধি ফজলুল হক রাজিব তাদের চলমান মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। অন্যদিকে বরিশাল জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, সভায় সন্তোষজনক আলোচনার পরিপ্রেক্ষিতে পরিবহন মালিক-শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।