দেশে পৌঁছেছে ড্যাশ-৮ উড়োজাহাজ আকাশ তরী

কানাডা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ মডেলের নতুন উড়োজাহাজ ‘আকাশ তরী’ দেশে পৌঁছেছে। গতকাল বুধবার বিকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ এই তথ্য জানান। মঙ্গলবার কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড বোম্বার্ডিয়ার অ্যারোস্পেস থেকে ৭৪ আসনবিশিষ্ট ড্যাশ-৮-৪০০ প্লেনটি বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়ে গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উড়োজাহাজের নাম রেখেছেন ‘আকাশ তরী’। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী হযরত শাহজালাল বিমানবন্দরে উপস্থিত থেকে উড়োজাহাজটি গ্রহণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান মো. সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন প্রমুখ। 

জানা যায়, পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এ উড়োজাহাজে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি, যা মাত্র চার মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্য জীবাণু ধ্বংসের মাধ্যমে উড়োজাহাজের অভ্যন্তরের বাতাসকে সম্পূর্ণ বিশুদ্ধ করে, যা যাত্রাকে করে তোলে সতেজ ও নিরাপদ। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন উড়োজাহাজটি বহরে যুক্ত হওয়ার পর উড়োজাহাজের সংখ্যা হলো ২০টি।