হাতিয়েছে কোটি টাকা, প্রতারক ইকবাল গ্রেফতার

মুজিববর্ষে গাছ লাগানোর নামে মহাপ্রতারণা

মুজিববর্ষে গাছ লাগানোর কথা বলে প্রধানমন্ত্রী বাণীসংবলিত ৪০ হাজার ব্যবসাপ্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। তার নাম জাহিদুর রহমান ইকবাল। গত মঙ্গলবার রাজধানীর কাওরান বাজারের শাহ আলী ভবন থেকে তাকে গ্রেফতার করে তেজগাঁও থানাপুলিশ। এ সময় তার কাছ থেকে ২৭০টি সিল, বিভিন্ন প্রতিষ্ঠানের ডকুমেন্টস প্রসেসিং ফাইল ১৮৪টি, মুজিববর্ষের লোগো ব্যবহার করা ও প্রধানমন্ত্রীর বাণীসংবলিত ৫০০ চিঠি, সিপিইউ দুটি, প্রিন্টার দুটি, স্ক্যানার একটি, মনিটর দুটি, ল্যাপটপ একটি, মোবাইল দুটি ও একটি টয়োটা করোলা গাড়ি জব্দ করা হয়। গতকাল বুধবার দুপুরে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন-অর-রশীদ তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, শুধু এই প্রতারণাই নয়, ব্যাংকে লোন করে দেওয়ার কথা বলেও অসংখ্য মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক।

ডিসি হারুন বলেন, প্রতারক গাছবন্ধু জাহিদুর ট্রি প্ল্যান্টেশনের (বৃক্ষরোপণ) নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে নিজেকে পরিচয় দিত। জাহিদুর সম্প্রতি মুজিববর্ষের লোগো ও প্রধানমন্ত্রীর বাণী ব্যবহার করে ৪০ হাজার ব্যবসাপ্রতিষ্ঠানে চিঠি দেয়। বিভিন্ন জায়গায় গাছ লাগাবে বলে এসব প্রতিষ্ঠানের অনেকের কাছ থেকে সে কোটি কোটি টাকা নিয়েছে। এছাড়াও নিজেকে কনসালট্যান্ট গ্রুপ লিমিটেড, এসএমই কনসালট্যান্ট লিমিটেড, ইইএফ কনসালট্যান্ট লিমিটেড—এ তিনটি অবৈধ কোম্পানির চেয়ারম্যান এবং সিইও হিসেবেও দাবি করে। তবে এসব কোম্পানির পদে থাকার কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

হারুন আরো বলেন, জাহিদুর রহমান ব্যক্তিগত গাড়িতে জাতির পিতার ছবি ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড করত। যা জাতির পিতার ছবির অবমাননার শামিল। তার বিরুদ্ধে আমরা হাজার হাজার অভিযোগ পেয়েছি।