রিয়েল এস্টেট ব্যবসার নামে গ্রাহকদের ৩০ মাসে দ্বিগুণ লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাত্কারী চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতরা হলেন—আল আমিন, মামুন, মোজাম্মেল হোসেন, সাইফুল ইসলাম, আব্দুল হালিম, জাহাঙ্গীর আলম, শাহাদাত হোসেন সুমন ও আমিনুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে প্লট/ফ্ল্যাট বুকিং আবেদন ফরম ৫০টি, এসএস আবাসনের লেনদেন-সংক্রান্ত রেজিস্টার সাতটি, এসএস আবাসনের অর্থ বিনিয়োগ চুক্তিপত্র ১০০ টাকা সমমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প ১২টি, লেনদেন-সংক্রান্ত খাতা ১৭টি, ডেবিট ভাউচার, টাকার রসিদ এবং নগদ ১৪ লাখ টাকা জব্দ করা হয়। প্রতিষ্ঠানটির ৯ জনকে গ্রেফতার করা হলেও মূল হোতা ম্যানেজিং ডিরেক্টর মো. রাশেদুর রহমান পলাতক।
সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, প্রতারকরা পরস্পর যোগসাজশে গত দেড় বছর ধরে এসব প্রতারণা করছে। তারা আবাসিক এলাকায় রিয়েল এস্টেট ব্যবসার নামে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দিত। এরপর তার মাধ্যমে গ্রাহকদের অধিক মুনাফা দেওয়ার প্রলোভন দিয়ে কোটি কোটি টাকা আত্মসাত্ করতেন।