কিছু বিষণ্নতা

হঠাত্ নিকোটিনের তৃষ্ণা পেলে যেমন হাপিত্যেশ করে

পুরনো প্যাকেট থেকে খুঁজে ফিরি একটি শলাকা,

ঠিক তেমনই,

এই বৃষ্টি এই বিষণ্ন্ন শহরে আর একবার নিজেকে নিজের মতন

করে খুঁজে ফিরি তৃষ্ণায়!

 

কিছু পুরনো স্মৃতি তাই মুদ্রার মতন আজ ভাঙালাম,

ছড়িয়ে ছিটিয়ে থাকা খুচরো সব; অতীতের!

 

এই বৃষ্টি এই বিষণ্ন শহরে

যেভাবে আমাদের দিনগুলি চলে যায়,

ঠিক সেইভাবে কিছু পুরনো স্মৃতি; বিষণ্নতা যা চলে গিয়েছিল!

 

মুদ্রার মতন আজ ভাঙালাম।