বুুকের ভেতর তীব্র আগুন—
দাঁড়িয়ে রয়েছি একা,
আমার বসন্ত পোড়ে পলাশস্বভাবে;
ঠোঁটভরা হাসি লিখি শহিদের গানে
আমার শোণিতে নাচে মাতাল নাগিনী!
আমার তেরশ’ নদী জুড়ে ফসলের বান
তবু দাঁড়িয়েই থাকি একা,
আলোরাশি, মনোময় হাসে অক্ষরপ্রবণ;
ঘ্রাণের-পরাগ, পাতার ক্ষরণে জাগে ধুলোদিন,
চারিদিকে জনকোলাহল।
বুুকের ভেতর তীব্র ফাগুন—
খররোদে পেতে কান,
ফসলের ধ্বনি শুনি, পাখির কণ্ঠে অ আ ক খ গ...
দেখি, বাংলার আকাশে ওড়ে মুক্ত শঙ্খচিল
প্রান্তরের ঘাসে ঝরে তার মায়াবী পালক।
আমার বসন্ত মরে যায়, যাক, একার সন্ন্যাসে।