তোমাদের ভুলি নাই

আমরা বাঙালি আমাদের আছে

গর্বের ইতিহাস

ধরো বায়ান্ন, ফেব্রুয়ারির

রক্ত ঝরানো মাস।

আমরা পূর্বে ওরা পশ্চিমে

দু’ভাগে পাকিস্তান

ওরা আমাদের দেয়নি কখনো

স্বাধীনতা-সম্মান।

বাংলায় কথা বলব আমরা—

একটাই দাবি, আশা

ওরা চেয়েছিল উর্দুটা হবে

আমার রাষ্ট্রভাষা।

আমরা বাঙালি মায়ের ভাষাকে

ভুলব কেমন করে

ফেব্রুয়ারির একুশ তারিখ

বিক্ষোভ ফেটে পড়ে।

রাজপথে নামে রফিক-সালাম-

বরকত-জব্বার

আরও কতজন, ‘বাংলাকে চাই’

—দাবি ছিল সব্বার।

বাংলার সেই দামাল ছেলেরা

বুক পেতে নেয় গুলি

বুকের রক্তে বাংলা পেয়েছি

কেমনে তাদের ভুলি।

প্রভাতফেরিতে ফুল নিয়ে হাতে

শহিদ মিনারে যাই

দুটি চোখ মেলে মনে মনে বলি—

তোমাদের ভুলি নাই।