এক সময়ের পর্দা কাঁপানো বলিউড তারকার রানি মুখার্জিকে এখন দেখা যায় না বললেই চলে। অভিনয় থেকে অনেকটাই দূরে সরে আছেন এই নায়িকা। দীর্ঘদিন ধরে সিনেমার কোনো খবরে নেই তিনি। এবার তার ভক্তদের সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে। আদিত্য চোপড়া পরিচালিত ‘বান্টি অর বাবলি টু’ দিয়ে ফিরছেন এ অভিনেত্রী। তবে সাইফ আলী খানের সঙ্গে তার ফিরতি রসায়ন দেখার আগেই বাঁধলো বিপত্তি! এ সময়ের আলোচিত-সমালোচিত তারকা কঙ্গনা রানাওয়াতের মুখোমুখি হতে হচ্ছে তাকে। আর এ নিয়েই দর্শক সমালোচনার পাশাপাশি বেশ চটে গেলেন রানি।
জানা গেছে, পরিচালক আদিত্য চোপড়া আগে থেকেই ২৩ এপ্রিল সিনেমাটি মুক্তি তারিখ ঠিক করে রেখেছিলেন। কিন্তু বুধবার কঙ্গনা ঘোষণা দিয়েছেন একইদিন তার নতুন প্রজেক্ট জয়ললীতার বায়োপিক ‘থালেইভি’ মুক্তি দিতে যাচ্ছেন। আর এ নিয়েই বলিপাড়ায় চলছে নানা সমালোচনা। অনেকেই মন্তব্য করছেন, কঙ্গনা আবারো আলোচনায় থাকতে এমনটা করছেন। এতে করে শুধু আলোচনায় থাকা যাবে, তবে ক্ষতি দু’জনেরই হবে। এ প্রসঙ্গে রানি বলেন, ‘আমি তো আর আগের মতো নিয়মিত নই, যদিও নতুন চমক নিয়ে দর্শকদের সামনে আসছি। ঠিক এ সময়ে কঙ্গনার এ ধরনের সিদ্ধান্ত সত্যি অবাক করেছে। আলোচনায় থাকা নয়, আমাদের কাজে মনোযোগ দেওয়া উচিত।’