সাভারে সরকারি রাস্তা দখল করে ওয়ার্কশপ

সাভারের আশুলিয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের চলাচলের সরকারি রেকর্ডকৃত রাস্তা দখল করে ওয়ার্কশপ বানানোর অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে ঐ সরকারি জমিকে ব্যক্তি মালিকানার সম্পত্তি দেখিয়ে নামজারি করে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকার বাসিন্দা মো. আসাদুল্যাহ হায়দার ঐ সরকারি রাস্তার জমি মিউটেশন রদকরণ এবং রাস্তাটি দখলের অপচেষ্টা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, আশুলিয়া থানাধীন ঢাকা কালেক্টরির তৌজিভুক্ত আর এস খতিয়ান নং-২৪৩, আরএস দাগ নম্বর-৩০৪ এর ৭ শতাংশ জমি দলিল নম্বর-১৪৩২৯/২০১৬-এর মাধ্যমে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকার মো. রাজন ভুঁইয়া নিজ নামে খারিজ করে নিয়েছেন। কিন্তু ঐ সম্পত্তি সরকারি রেকর্ডভুক্ত একটি রাস্তা। সরকারি রেকর্ডভুক্ত হওয়ার আগে ঐ সম্পত্তির মালিক ছিলেন মো. তোফাজ্জল হোসেন ভুঁইয়া। তিনি ২০১৬ সালে স্ট্রোক করে শারীরিক ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তোফাজ্জল হোসেন ভুঁইয়া স্বাক্ষরজ্ঞান সম্পন্ন ব্যক্তি হওয়া সত্ত্বেও অসুস্থতার সুযোগে তার আঙ্গুলের টিপ নিয়ে মো. রাজন ভুইয়া উক্ত রাস্তাটি নিজ নামে খারিজ করে নেন বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারী মো. আসাদুল্যাহ হায়দার বলেন, রাস্তাটি দিয়ে এলাকার মানুষ যাতায়াত করেন। ১ নম্বর খতিয়ানের সরকারি রেকর্ডকৃত রাস্তা হওয়া সত্ত্বেও রাজন ভুঁইয়া রাস্তাটি ব্যক্তিমালিকানা সম্পত্তি দাবি করে দখল করার অপচেষ্টায় লিপ্ত।

এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব আব্দুর রহিম বলেন, দীর্ঘদিন যাবত্ জায়গাটি এলাকার লোকজনের যাতায়াতের রাস্তা হিসাবে ব্যবহার হয়ে আসছে। সরকারি হালনাগাদ বিআরএস রেকর্ডেও এটি সরকারি রাস্তা হিসাবে রেকর্ড হয়েছে। কিন্তু রাজন ভুঁইয়া কীভাবে এ জায়গার মালিক হলো তাদের বোধগম্য নয়। আব্দুল মালেক নামের এলাকার অপর ব্যক্তি বলেন, এলাকার বাসাবাড়িতে গ্যাস লাইন সরবরাহ করার সময় যে ম্যাপ অঙ্কন করা হয়েছিল তাতেও রাজন ভুঁইয়ার দাবিকৃত সম্পত্তিকে সরকারি রাস্তা হিসাবে দেখানো হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া রাজস্ব সার্কেলের কানুনগো (ভারপ্রাপ্ত) শাহ আলম বলেন, সরকারের রেকর্ডকৃত সম্পত্তি নামজারি হওয়ার কথা নয়। যদি নামজারি হয়ে থাকে তাহলে কীভাবে হলো তা খতিয়ে দেখা হবে।  এ প্রসঙ্গে রাজন ভুঁইয়া বলেন, ‘যেটিকে রাস্তা বলা হচ্ছে সেটি তার পৈত্রিক সম্পত্তি। উক্ত জমির মালিকানার পক্ষে আমার কাছেও উপযুক্ত কাগজপত্র রয়েছে।’ বিআরএস রেকর্ডে তা হলে উল্লিখিত সম্পত্তি সরকারি রাস্তা হিসেবে কীভাবে রেকর্ড হয়েছে সে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভুলবশত রেকর্ড হয়েছে, রেকর্ড সংশোধনের জন্য ইতিমধ্যেই তিনি সংশ্লিষ্ট বিভাগে আপত্তি জানিয়েছেন।