দেশের মঞ্চনাটকের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে মান্নান হীরার নাম। তার নাটকে উঠে এসেছে মানুষের কথা। প্রয়াত সেই নাট্যকার মান্নান হীরা স্মরণে রাজধানীতে শুরু হয়েছে মরমি নাট্যমেলা। তারই রচিত চারটি নাটকে সাজানো হয়েছে এ নাট্যমেলা। ‘স্মরিবার তরে রহিয়াছি মোরা, গাহিতে তোমার জয়গান’ স্লোগানে এ মেলার আয়োজক নাট্যদল উত্স। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে এ উত্সবের উদ্বোধন হয়। নাট্যমেলা উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি কামাল বায়েজীদ, পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস ও ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক তপন হাফিজ। সভাপতিত্ব করেন উত্স নাট্যদলের প্রধান উপদেষ্টা এস এম জাহাঙ্গীর আলম সরকার।
উদ্বোধনী বক্তব্যে মামুনুর রশীদ বলেন, ‘মান্নান হীরার মৃত্যু আমাদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছে যে তার মতো নাট্যকারের অভাব ক্রমশ প্রকট হচ্ছে। সেই বিবেচনায় নতুন প্রজন্মের কেউ যদি মান্নান হীরার দেখানো পথে এগিয়ে আসে, সেটা মঞ্চনাটকের জন্য কল্যাণকর হবে। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মঞ্চস্থ হয় উত্স নাট্যদল প্রযোজিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘স্বর্ণজননী’। মান্নান হীরা রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন ইমরান হোসেন ইমু। মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত নাটকটিতে উঠে এসেছে স্বাধীনতা যুদ্ধের আগুনলাগা সময়। পাকিস্তানি হায়েনাদের হিংস্রতায় যেসব নারী দগ্ধ হয়েছিল মেলে ধরা হয়েছে তাদের কয়েকজনের জীবন কাহিনি। উঠে এসেছে যুদ্ধকালীন নিষ্ঠুর সময়ে কী স্বপ্ন বুকে নিয়ে, বন্ধ নিঃশ্বাসে কেটেছে তাদের জীবন। সেই ঘটনারই এ নাটকটি তারই এক ক্ষুদ্র আখ্যান।
প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমরান হোসেন ইমু, রাকিবুল ইসলাম, অর্ক আহমেদ রিপন, করুনা বিশ্বাস, হাসান নাহিদ, মেঘলা, মাইনুদ্দিন খাজা, বিশ্বজিত, তাসলিমা আক্তার লিজা প্রমুখ। নাটকের সংগীত পরিকল্পনায় ছিলেন অপু মেহেদী ও শাহীদ আপন। চার দিনের এই নাট্যমেলায় অংশগ্রহণ করছে আরণ্যক নাট্যদল, সময় নাট্যদল, সিরাজগঞ্জের নাট্যলোক ও উত্স নাট্যদল।
আজ শুক্রবার নাটমেলার দ্বিতীয় দিন। আজ সন্ধ্যায় আরণ্যক নাট্যদল মঞ্চায়ন করবে ‘ময়ূর সিংহাসন’। মান্নান হীরার রচনায় প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন শাহ আলম দুলাল। আগামীকাল শনিবার মেলার তৃতীয় দিনে সময় নাট্যদল মঞ্চায়ন করবে ‘ভাগের মানুষ’। মান্নান হীরার রচনায় এটির নির্দেশক আলী যাকের। মেলার শেষদিন রবিবার সিরাজগঞ্জের নাট্যলোক সিরাজগঞ্জ মঞ্চায়ন করবে ‘ধীবর গাঁথা’। মান্নান হীরার রচনায় এটির নির্দেশনায় আছেন আইরিন পারভিন লোপা।