চট্টগ্রামে নতুন মাদক ‘আইস’-এর সন্ধান পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার নগরীর খুলশী এলাকার মোজাফফর নগর থেকে ১৪০ গ্রাম আইস (ক্রিস্টাল) উদ্ধার করেছে র্যাব-৭-এর একটি দল। আইস বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে শফিউল আলম ও মো. ইয়াসিন রানা নামে দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় খুলশী থানায় মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৭ নগরীর খুলশী থানার মোজাফফর নগর বাইলেন এলাকায় অভিযান পরিচালনা করে শফিউল আলম ও মো. ইয়াসিন রানা নামে দুই যুবককে আটক করে। পরবর্তীতে তাদের তল্লাশি করে নতুন মাদক আইস উদ্ধার করে। উদ্ধারকৃত ১৪০ গ্রাম আইসের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা। আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবত্ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট মাদক আইস ক্রয়-বিক্রয় করে আসছে।