সাতকানিয়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন মোহাম্মদ বেলাল উদ্দিন (৪৫) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। নিহত মোহাম্মদ বেলাল উদ্দিন (৪৫) উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোহাম্মদ খালী এলাকার বিছনী বাপের বাড়ির মৃত আবদুল করিমের ছেলে।

জানা গেছে, গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড তৈয়ার পাড়া এলাকায় বেলাল উদ্দিনের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। তারা তাকে এলোপাতাড়ি কোপায়, পায়ের রগ কেটে দেয় এবং হকিস্টিক দিয়ে বেধড়ক পেটায়। এরপর গুরুতর জখম বেলাল উদ্দিনকে সড়কে ফেলে পালিয়ে যায় তারা। রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে বেলালের স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ  হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে বেলালের লোকজন ঘটনাস্থল থেকে তৈয়ার পাড়ার আহমদ ছফার ছেলে মোহাম্মদ জাহেদুল ইসলামকে (২৫) আটক করে এবং ঐ এলাকার প্রায় ১৫টি বাড়ি-ঘর ও দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। গতকাল বৃহস্পতিবার সকালে আটক যুবককে পুলিশে সোপর্দ করা হয়। এলাকাবাসীর ভাষ্যমতে, ঘটনার সময় এক ব্যক্তির ফেলে যাওয়া দেশে তৈরি একটি এলজি পার্শ্ববর্তী বিল থেকে উদ্ধার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান  জিকু ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়, খাগরিয়া ৪ নম্বর ওয়ার্ড এলাকার বর্তমান ইউপি মেম্বার লিয়াকত             আলী ও সাবেক মেম্বার আবদুস ছালামের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। নিহত বেলাল উদ্দিন আবদুস ছালামের সমর্থক ছিলেন। বেলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসানের দাবি, বুধবার রাতে তার বাবা স্থানীয় ভোর বাজার থেকে বাড়ি আসার পথে ইউপি সদস্য লিয়াকত আলীর ছেলে সুমনের নেতৃত্বে সাদেক, দেলুয়ার, আকতারুজ্জামানসহ তৈয়ার পাড়ার কয়েকজন মিলে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তবে এ ব্যাপারে লিয়াকত মেম্বার বলেন, ‘বেলাল হত্যার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। বেলাল তৈয়ার পাড়ার তালা ভাঙ্গা শুক্কুরের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলায় এলাকাবাসী তার ওপর ক্ষিপ্ত ছিল। তার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটতে পারে বলে আমার ধারণা।’ অপরদিকে সাবেক মেম্বার আবদুস ছালামের মোবাইল বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনার পর পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাহেদুল ইসলাম নামে ঘটনায় জড়িত এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখনো এ বিষয়ে কেউ থানায় মামলা দায়ের করেনি।

উল্লেখ্য, মাদকের স্বর্গরাজ্য বলে পরিচিত খাগরিয়া এলাকায় প্রায়ই সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড, সংঘর্ষের ঘটনা ঘটে থাকে যেসব ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন।