কঁচা নদীতে লঞ্চের সঙ্গে সংঘর্ষে বলগেটডুবি

ইন্দুরকানীতে কঁচা নদীতে ঘন কুয়াশায় দিক হারিয়ে লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি বলগেট ডুবে গেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কঁচা ও বলেশ্বর নদীর মোহনায় এ ঘটনা ঘটে।  ইন্দুরকানী থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে সকালে দিক হারিয়ে কঁচা নদী রেখে টগড়া-চরখালীর ফেরিটি বলেশ্বর নদের দিকে আটকে যায়। এ সময় ইন্দুরকানী থেকে ছেড়ে যাওয়া ‘মানিক-১’ যাত্রীবাহী লঞ্চটির সামনে পড়ে ফেরি। ফেরিকে রক্ষা করতে গিয়ে দ্রুত দিক পরিবর্তন করে মানিক-১ লঞ্চ। এ সময় লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বালু উত্তোলনের এমভি মাহিম মাহিদ নামের বলগেটটি ডুবে যায়। বলগেটের চালক সাদ্দাম, গ্রিজার সাব্বির ও শ্রমিক রিফাত ডুবে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর হাসপাতালে পাঠায়।  ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘন কুয়াশার কারণে দিক হারিয়ে লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বলগেট ডুবে গেছে। বলগেটটি উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।