কোনো পুলিশি জটিলতায় পড়ছেন না উডস

গাড়ি দুর্ঘটনার জন্য কোনো পুলিশি জটিলতায় পড়ছেন না গলফ কিংবদন্তি টাইগার উডস। মঙ্গলবারের ভয়াবহ দুর্ঘটনার পর তার নামে কোনো অভিযোগপত্র দাখিল করা হচ্ছে না, জানিয়েছে লস অ্যাঞ্জেলস পুলিশ।

মঙ্গলবার সকালে লস অ্যাঞ্জেলসের এক পাহাড়ি রাস্তা থেকে তার এসইউভি নিয়ে খাদে পড়ে গিয়েছিলেন উডস। এই দুর্ঘটনায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ডান পা। দুর্ঘটনার কারণ অনুসন্ধান শেষে লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ অ্যালেক্স ভিলনুভ গতকাল সাংবাদিকদের বলেন, ‘বেপরোয়া গাড়ি চালানোর ঘটনায় অনেক রকম উপাদান থাকে। এটা পুরোপুরি একটি দুর্ঘটনা।’ গাড়ি চালানোর সময় উডস মদ্যপ অবস্থায় ছিলেন না বলেও জানিয়েছেন তিনি। তবে অনুসন্ধানকারীরা যদি প্রমাণ করতে পারে, উডস গাড়ি চালানোর সময় মনোযোগী ছিলেন না বা একটু বেশি গতিতে চালাচ্ছিলেন, তাহলে ছোটখাটো একটি মামলার সম্মুখীন হতে পারেন উডস।  দুর্ঘটনার প্রাথমিক অনুঘটক হিসেবে ঝুঁকিপূর্ণ রাস্তাটিকেই দেখছে পুলিশ। এ ব্যাপারে ভিলনুভ বলেন, ‘রাস্তাটা নিম্নমুখী, ঢালু, বাঁকে ভরা। এই এলাকায় দুর্ঘটনার মাত্রাও বেশি। এরকম দুর্ঘটনা তাই অস্বাভাবিক না।