ননব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারে জড়িত পি কে হালদারের ৭০ একর জমি ক্রোকের আদেশ দিয়েছে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত। গতকাল বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বিচারক কে এম ইমরুল কায়েশ।
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় সম্পত্তি জব্দের আবেদন করেন দুদকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক মো. সালাউদ্দিন। তিনি বলেন, ‘পি কে হালদারের বিষয়ে তদন্তের স্বার্থে তার অবৈধ সম্পদ জব্দের জন্য আমরা আদালতে একটি আবেদন করেছিলাম। বিষয়টি আমলে নিয়ে আদালত সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে।’ এর আগেও পি কে হালদারের আরো সম্পত্তি আদালতের আদেশে জব্দ হয়েছে বলে জানান তিনি। সম্পত্তি জব্দের মধ্যে রয়েছে রাজধানীর উত্তরায় পি কে হালদারের একটি ১০তলা ভবন ছাড়াও গ্রিন রোড, উত্তরা, দিয়াবাড়ী, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, নরসিংদীসহ বিভিন্ন এলাকায় থাকা প্রায় ৭০ একর জমি।