নির্যাতনের শিকার নারীকে রাষ্ট্রীয় পর্যায়ে সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে আনতে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গত বুধবার মিরপুরে পরিষদের এক প্রতিবাদ সমাবেশ থেকে নারী অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর আয়োজিত অব্যাহত নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণসহ নানা ধরনের নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারের দাবিতে ধারাবাহিকতার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
সমাবেশে বলা হয় মেয়েদের পোশাক, সৌন্দর্য, স্বাধীনভাবে চলাফেরা, বন্ধুত্ব, আচরণ যদি ধর্ষণের কারণ হয়ে থাকে, তাহলে শিশু ধর্ষণের হার বাড়ছে কেন? আইনের পাশাপাশি সমাজকে বুঝতে হবে, লজ্জা শুধু ধর্ষণের শিকার নারী বা শিশুর নয়, লজ্জা ধর্ষকের। কেবল মৃত্যুদণ্ডের আইন পাশ করলেই ধর্ষণ বন্ধ হবে না। ঢাকা মহানগর কমিটির সহসভাপতি মোমেনা শাবনূর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর কমিটির কল্যাণপুর পাইকপাড়া শাখার সভাপতি মানছুরা বেগম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম, লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি পরিচালক অ্যাডভোকেট মাকছুদা আক্তার লাইলী, আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা, অ্যাডভোকেসি ও লবি পরিচালক জনা গোস্বামী, অ্যাডভোকেট দীপ্তি রানী সিকদার, ঢাকা মহানগরের সহসভাপতি হোময়ারা খাতুন, সাধারণ সম্পাদক রেহানা ইউনুস, ওয়ার্ড কাউন্সিলর মুরাদ হোসেন, দেওয়ান আব্দুল মান্নান, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রুকসানা প্রমুখ।