রাষ্ট্রায়ত্ত চিনিকলে পাঁচ বছরে ৪ হাজার কোটি টাকা লোকসান

রাষ্ট্রায়ত্ত চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) গত পাঁচ বছরে প্রায় ৪ হাজার  কোটি টাকা লোকসান গুনেছে। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চিনির উত্পাদন বাড়ানোর লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সুগার মিলস্ করপোরেশনকে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনে পরিণত করা হয়। এই করপোরেশনের অধীনে ১৫টি চিনিকল পরিচালিত হয়। বিএসএফআইসি ২০১৫-১৬ অর্থবছরে ৫২৫ কোটি ৮৯ লাখ টাকা, ২০১৬-১৭ অর্থবছরে ৬৩৯ কোটি ৪৪ লাখ টাকা, ২০১৭-১৮ অর্থবছরে ৮৩৩ কোটি ৫১ লাখ টাকা, ২০১৮-১৯ অর্থবছরে ১ হাজার ৬ কোটি ৪৯ লাখ টাকা, ২০১৯-২০ অর্থবছরে ৯৩৩ কোটি ৮০ লাখ টাকা লোকসান দিয়েছে।

প্রতিবেদনে আরো জানানো হয়, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের বর্তমানে দায়দেনার পরিমাণ ৮ হাজার ৮৪৮ কোটি ৩২ লাখ টাকা। কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এ কে এম ফজলুল হক, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন,  মোহাম্মদ সাহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহম্মেদ ও শফিউল ইসলাম অংশ নেন।

সিএমএইচকে স্বাধীনতা পদক দেওয়ার সুপারিশ

গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিত্সায় অবদানের জন্য সম্মিলিত সামরিক হাসপাতালকে (সিএমএইচ) চলতি বছর স্বাধীনতা পদক দেওয়ার সুপারিশ করা হয়েছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিত্সাসেবায় অসাধারণ সাহস ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনসহ চিকিত্সাসেবায় অন্যান্য অবদানের জন্য সিএমএইচকে স্ব্বাধীনতা পুরস্কার প্রদানের জন্য কমিটি সুপারিশ করে। কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, মোতাহার  হোসেন, নাসির উদ্দিন, মহিবুর রহমান ও নাহিদ ইজাহার খান অংশ নেন।