কারাগারে অসুস্থ হয়ে মারা যাওয়া রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার রাষ্ট্রচিন্তার লেখক মুসতাক আহমেদের মৃতদেহ তার লালমাটিয়ার বাড়িতে নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে আল মারকাজুতে গোসল করানো হয়। বাদ এশা লালমাটিয়ার মিনার মসজিদে মুশতাক আহমেদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে রাতে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
গত বছরের ৬ মে রমনা থানায় র্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় লালমাটিয়ার বাসা থেকে মুসতাক আহমেদকে গ্রেফতার করা হয়। তার বয়স হয়েছিল ৫৩ বছর। বৃহস্পতিবার রাতে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে তিনি মারা গেছেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার দেব দুলাল কর্মকার বলেন, সন্ধ্যা ৭ টা ১০ মিনিটের দিকে মুসতাক আহমেদ কারাগারে মাথা ঘুরে পড়ে যান। তখন তাকে কারারক্ষীরা উদ্ধার করেন। পরে একটি অ্যাম্বুলেন্সে করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ইত্তেফাক/ইউবি