মো. কামরুল হাসান
সহকারী শিক্ষক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল
জাহানাবাদ সেনানিবাস, খুলনা।
চন্দ্রবিন্দু ( ঁ)-এর ব্যবহার
বাংলা ভাষায় অর্থ-বিপর্যয় এড়াতে ও অর্থ-পার্থক্য মনে রাখতে কিছু শব্দের বানানে চন্দ্রবিন্দুর ব্যবহার লক্ষ্য করা যায়। আধুনিক বাংলা অভিধানে ২৪টি
বর্ণে ১৩৫ জোড়া একই রকম শব্দ (চন্দ্রবিন্দু-সহ ও চন্দ্রবিন্দুহীন) পাওয়া গেছে। এ পর্বে ছ, জ, ট বর্ণ নিয়ে আলোচনা করা হলো।
ছ
ছাঁট—[বা.] বি. কেটে বাদ দেওয়া টুকরো, বাড়তি অংশ; ছাঁটা বা কাটার পদ্ধতি; ধরন। বিণ. কেটে বাদ দেওয়া হয়েছে এমন।
ছাট—[স. ছটা>] বি. বায়ুতাড়িত জলের বিন্দু; বেত, ছড়ি।
ছাঁদ—[বা.] বি. ধরন, গড়ন, আদল; ভঙ্গি, শৈলী।
ছাদ—[স. ছাদি + অ] বি. ঘরের চাল, গৃহের উপরিস্থ আচ্ছাদন, ছাত।
ছাঁদন—[বা.] বি. বাঁধন; বেষ্টন; দোহনকালে গোরুর পায়ের বন্ধন।
ছাদন—[স. ছাদি + অন] বি. ছাদ তৈরি; আচ্ছাদন; আচ্ছাদনের উপকরণ।
ছোঁড়া—[স. >] বি. (অবজ্ঞায়) ছোকরা, কিশোর, বালক।
ছোড়া—[স. ক্ষিপ্ত>] ক্রিবি. ইতস্তত নিক্ষেপ করা। বিণ. ছুড়ে ফেলা হয়েছে এমন, নিক্ষিপ্ত।
জ
জাঁতি—[স. যন্ত্র>] বি. সুপারি কাটার অস্ত্রবিশেষ, সরতা; জাঁতাকল।
জাতি—[স. জন+তি] বি. প্রকার, শ্রেণি; জন্ম, উত্পত্তি।
ট
টাঁক—[ই. tuck>] বি. বড়ো বড়ো ফোঁড়ের সেলাই; বন্ধনী।
টাঁক—[স. তর্ক>] বি. বিশেষ লক্ষ্য, তাক; লুব্ধদৃষ্টি; প্রতীক্ষা; আশা-আকাঙ্ক্ষা।
টাক—[দেশি.] বি. কেশহীন মস্তক; মাথার কেশহীনতা, ইন্দ্রলুপ্ত। বিণ. মাথায় চুল নেই এমন।
টাক—[দেশি.] অব্য. পরিমাণবাচক বা অনুমানবাচক প্রত্যয়বিশেষ।
টাঁকা—[ই. tuck>] ক্রিবি. বড়ো বড়ো ফোঁড়ে সেলাই করা। বিণ. টাঁক দেওয়া হয়েছে এমন।
টাঁকা—[স. তর্ক>] ক্রিবি. বিশেষরূপে দৃষ্টি রাখা; অনুমান করা; অপেক্ষা করা।
টাকা—[স. টঙ্ক>] বি. বাংলাদেশের মুদ্রার একক; মুদ্রাবিশেষ; অর্থ, ধনসম্পত্তি।
সহায়ক গ্রন্থ:
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
বন্ধুরা, আরও জানতে চোখ রাখো ফেসবুকের ‘বাংলা বানানের নিয়মকানুন’ গ্রুপে এবং ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার অনুশীলন পাতায়।