শিশু প্রভাকে বাঁচাতে এগিয়ে আসুন

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় ব্লাড ক্যানসারে আক্রান্ত সাত বছর বয়সি ফুটফুটে শিশু সেজুতি দাশ প্রভা অর্থের অভাবে তার কেমোথেরাপি বন্ধের পথে। প্রভা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বারাত গ্রামের হতদরিদ্র সদয় দাশ ও জোছনা দাশের কন্যা। প্রভার বাবা সদয় দাশ জানান, তিনি একটি এনজিওতে চাকরি করতেন। মেয়ের দিকে খেয়াল করতে যেয়ে তার চাকরিটাও চলে যায়। বসতভিটা ছাড়া এখন আর তাদের কিছুই নেই। ভ্যালরের ডা. ভিকরম মেথিউস জানিয়েছেন, প্রভার চিকিত্সায় উন্নতির লক্ষণ দেখা গেছে। তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে অন্তত দুই বছর ডাক্তার চিকিত্সা করবেন এবং ছয়-সাত বছর পর্যবেক্ষণ করবেন। এভাবে দীর্ঘমেয়াদি চিকিত্সা করাতে পারলে প্রভা সুস্থ হয়ে যাবে। প্রভাকে চিকিত্সা করাতে ৬ থেকে ৭ লাখ টাকার প্রয়োজন। তাই প্রভার পিতা সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সহযোগিতার হাত পেতেছেন। ঠিকানা:সোনালী ব্যাংক লি., তালা শাখার হিসাব নং-২৮২০৯০১০২৩৪৪৮ অথবা ০১৭৩৬-১২৭১৬৪ (বিকাশ) মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।