কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
কিশোরগঞ্জে ভুট্টাখেতে লেদা পোকার আক্রমণ দেখা দিয়েছে। এই পোকা ফসলের জন্য খুবই ক্ষতিকর। পোকা দমনে বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও ফল পাচ্ছেন না বলে জানিয়েছেন কৃষকরা।
উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দরাকুটি গ্রামের কৃষক আব্দুল জব্বার বলেন, এবার আট বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। কয়েকদিন ধরে ভুট্টাখেতে লক্ষ্য করে দেখছি ভুট্টা গাছের পাতায় এক ধরনের পোকা আক্রমণ করেছে। পোকাটি রাতে ভুট্টার পাতা খেয়ে ফেলে এবং দিনে ভুট্টার গাছের মধ্যে লুকিয়ে থাকে। এতে আস্তে আস্তে ভুট্টার পাতা শুকিয়ে যায়। যে গাছে ঐ পোকা আক্রমণ করে সেই গাছটিতে কোনো ভুট্টা হবে না। খেতে ওষুধ স্প্রে করেছি, কিন্তু কাজ হচ্ছে না। কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা গ্রামের ভুট্টাচাষি শফিয়ার রহমান, নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর ফুলবাড়ি গ্রামের মজিদুল ইসলাম, ওয়াজেদ আলী, আহাদ আলী ও জয়নাল মিয়া বলেন, পোকাটি দেখতে অনেকটা লেদা পোকার মতো। এই পোকা ভুট্টা গাছের ভেতরের সাদা অংশ খেয়ে ফেলছে যা থেকে ভুট্টা হয়। এতে গাছ শুকিয়ে যায়। বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেও কাজ হচ্ছে না।
এদিকে কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এবার উপজেলায় ৩ হাজার ১৩০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। কিছু ভুট্টাখেতে পোকার আক্রমণ হলেও সেটি নিয়ন্ত্রণে রয়েছে। ভুট্টাখেতে যে পোকাটি আক্রমণ করেছে সেটি লেদা পোকা। এটি ভুট্টার ফলনে তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না। আক্রান্ত খেতে সাকসেস এবং ট্রেসার প্রয়োগ করলে পোকা নির্মূল হয়ে যাবে।