কুড়িগ্রামে কাঁচা সড়ক পাকাকরণের দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজ থেকে চান্দের খামার ডিসির মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘদিনেও পাকা হয়নি। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এ সড়কটি পাকাকরণের দাবিতে শুক্রবার মানববন্ধন করে স্থানীয়রা। সকালে শহরের ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে এলাকাবাসীর ব্যানারে অর্ধকিলোমিটার এলাকা জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ঘোগাদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক, ঘোগাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাপ উদ্দিন মাস্টার, বিমল চন্দ্র প্রমুখ। মানববন্ধন শেষে তারা স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বরাবর স্মারকলিপি প্রদান করেন।