বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা

মিরসরাইয়ে দুই পৌরসভা নির্বাচন

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুই পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। তারা শেষ মুহূর্তে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। এদিকে, মিরসরাই পৌরসভার মেয়র পদে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় মিরসরাই পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। কিন্তু মিরসরাই পৌরসভায় ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এছাড়া বারইয়ারহাট পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী দিদারুল আলম মিয়াজি এই নির্বাচনে কার্যত নিষ্ক্রিয় থাকলেও তার প্রার্থিতা এখনো বহাল রয়েছে। তাই বারইয়ারহাট পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র, সংরক্ষিত ওয়ার্ড ও ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নির্বাচন হবে। প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে সাধারণ ভোটারের দ্বারে দ্বারে রাত দিন গিয়ে ভোট প্রার্থনা করছেন। আগামীকাল ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে মিরসরাই উপজেলার দুইটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মিরসরাই নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মিরসরাই উপজেলায় দুইটি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া হবে।

মিরসরাই থানার ওসি মো. মজিবুর রহমান ইত্তেফাককে বলেন, মিরসরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনি বুথের অবস্থা ভালো নয়। ঐ বুথটি ভোট নেওয়ার মতো উপযোগী করে নিতে হবে। এছাড়া মিরসরাই পৌরসভার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে।

মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোছাইন ইত্তেফাককে বলেন, সার্বিক পরিস্থিতি মোটামুটি ভালো। কিছু কিছু কেন্দ্রের বিষয়ে আমাদের কাছে অভিযোগ রয়েছে, ঐসব কেন্দ্রের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মিরসরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বুথটি ত্রিপল দিয়ে অস্থায়ীভাবে তৈরি করে ভোট নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।