প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম করে ডাকাতি

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রায়পুরে বৃহস্পতিবার রাতে এক প্রবাসীর ঘরে ডাকাতি হয়েছে। এ সময় বাধা দেওয়ায় তার স্ত্রীকে কুপিয়ে জখম করে ডাকাতরা। সোনাপুর ইউপির চরবগা গ্রামের মৈশাল বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বাড়ির লোকজন আহত গৃহবধূ তানিয়া আক্তারকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। ঐ বাড়ির কর্তা মোহাম্মদ খোকন জানান, রাত ৩টার দিকে ১০-১২ জনের সশস্ত্র ডাকাতদল ওমান প্রবাসী আরিফ হোসেনের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদেরকে বেঁধে আলমিরা থেকে নগদ ৫০ হাজার টাকা, ১১ ভরি স্বর্ণালঙ্কার ও চারটি মোবাইল সেট লুট করে। ডাকাতদের সঙ্গে তর্ক করায় আরিফ হোসেনের স্ত্রী তানিয়া আক্তারকে মাথা ও হাতে ধারালো সাবল দিয়ে গুরুতর জখম করে। রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ডাকাতদের ধরতে ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে জোর চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।