সংবাদ সংক্ষেপ

সূর্যমুখী আবাদ নিয়ে মাঠ দিবস

কুড়িগ্রাম প্রতিনিধি রাজস্ব ফলোআপ ও প্রণোদনা কর্মসূচি-২০২১-এর আওতায় সূর্যমুখী আবাদ সম্প্রসারণের লক্ষ্যে কুড়িগ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয় সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চর মাধবরাম গ্রামে। এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন।

ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসের কড়িকান্দি বাজারের ভাই ভাই ইতালিয়ান প্লাজার ব্যবসায়ীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বিকালে মানববন্ধন করা হয়েছে। মার্কেটের সামনে ব্যবসায়ীরা এ মানববন্ধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রেজাউল করিম শিকদার, মাসুম সরকার, সায়েম আহমেদ প্রমুখ।

বাগেরহাটে কৃষক লীগের বর্ধিত সভা

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে শুক্রবার কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষক লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। বাগেরহাট শহরের রেলরোডে দলীয় কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি শেখ আবুল হাসেম শিপনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফ আশ্বাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার প্রমুখ।

গোডাউন সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় শুক্রবার উপজেলা সদরের গোডাউন সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। এলজিইডির অর্থায়নে সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন এবং গৈলা ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি মো. শফিকুল হোসেন টিটু।

তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা উদ্বোধন

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে অনলাইন উদ্যোক্তা পরিবারের আয়োজনে শুক্রবার তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল প্রমুখ।

জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ কর্মশালা

দাকোপ (খুলনা) সংবাদদাতা দাকোপে উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবিলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার খুলনার উপপরিচালক ইকবাল হোসেন।

বঙ্গবন্ধু জেলা ভলিবল লিগ উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ি স্টেডিয়ামে শুক্রবার বঙ্গবন্ধু জেলা ভলিবল লিগ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ভলিবল লিগের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শানে আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিব উল্লাহ।